বন্ধেও পরিবহনে অনুমতি পেলো ই-ডেলিভারি

২৬ মার্চ, ২০২০ ১৬:১৫  
জরুরী পণ্য সরবরাহে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ডেলিভারি ভ্যান চলাচলের অনুমতি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার। তবে এজন্য প্রতিষ্ঠানটিকে ই-ক্যাবের সদস্য হতে হবে। পাশাপাশি সংগঠন থেকে ‘অনুমতি’ সংশ্লিষ্ট স্টিকার নিয়ে তা গাড়িতে সংযুক্ত করতে হবে। বৃহস্পতিবার, ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক অনু এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে ই-ক্যাব মহাসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল জানিয়েছেন, করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে ই-কমার্স ও এর লজিস্টিক কার্যক্রম সচল রাখতে কিছু সমস্যা হচ্ছিল। এখন এই সেবা বিঘ্নহীনভাবে চালু রাখতে ২০০০ স্টিকার ও প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। আপতত ঢাকা বিভাগীয় শহরে এই ই-ক্যাব সদস্যরা এই স্টিকার ও প্রত্যয়নপত্র পেয়েছেন। এই প্রত্যয়নপত্র নিয়ে ই-কমার্সগুলো এখন শুধু জরুরি পণ্য সেবা দিতে পারবে। যেমন- চালডালের মতো প্রয়োজনীয় নিত্যপণ্য ও ওষুধপত্র। এর আগে করোনার বিস্তৃতি ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষিত এলাকায় আইটি, আইটিইএস, বিপিও, আইএসপি ও ডিজিটাল কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ খোলা রাখতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো: রেজাউল করিম। বুধবার বিকেলে এ নিয়ে বৈঠকের পর এই অনুমতি দেন ঢাকা বিভাগীয় কিমিশনার কে এম আলী আজম।